বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নসরুল হামিদের ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট ও গাড়ি জব্দের আদেশ

অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলোতে মোট ৪০ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা রয়েছে।

by ঢাকাবার্তা
নসরুল হামিদ। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং চারটি ফ্ল্যাট ও তিনটি বিলাসবহুল গাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, নসরুল হামিদের নামে থাকা এসব স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের আশঙ্কা রয়েছে। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

দুদকের দেওয়া তথ্যমতে, অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলোতে মোট ৪০ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা রয়েছে। এছাড়া রাজধানীর বনানীতে তিনটি অ্যাপার্টমেন্ট, পরিবাগে একটি ফ্ল্যাট এবং তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, গত বছরের ২৬ ডিসেম্বর নসরুল হামিদ, তাঁর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে ৬৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিনটি মামলা দায়ের করে দুদক।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net