শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

ফার্মগেটের মেট্রোরেল পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, ট্রেন চলাচল বন্ধ

গত বছরের পর আবার বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা; উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেলের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ রয়েছে।

এর আগেও গত বছরের সেপ্টেম্বরে একই এলাকায় একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিয়ারিং প্যাড খুলে পড়ে ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে তার সঙ্গে থাকা একটি পাসপোর্টে নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুর এবং জন্মসাল ১৯৯০ লেখা রয়েছে।

  • ফার্মগেট এলাকায় পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু
  • দুপুর সাড়ে ১২টা থেকে উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ
  • নিহত ব্যক্তির কাছে পাওয়া পাসপোর্টে নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুর
  • গত সেপ্টেম্বরে একই এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়েছিল
  • নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে ট্রেন চলাচল বন্ধ রেখেছে ডিএমটিসিএল
  • প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন ১৪০–১৫০ কেজি; খুলে পড়লে বড় দুর্ঘটনার আশঙ্কা

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এ ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা তারা এখনো নিশ্চিত করতে পারেনি।

এই সেই ঘাতক বিয়ারিং প্যাড

এই সেই ঘাতক বিয়ারিং প্যাড

গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মেট্রোরেলে একই ধরনের ঘটনা ঘটে। সেদিন একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। সেই ঘটনার কয়েক মাস পর আবারও বিয়ারিং প্যাড খুলে পড়লো।

ডিএমটিসিএলের সূত্র জানায়, উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের বিয়ারিং প্যাড বসানো থাকে। প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলো ট্র্যাকের স্থিতিশীলতা বজায় রাখে। বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি থাকে—এ কারণেই চলাচল বন্ধ করা হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net