স্টাফ রিপোর্টার ।।
বিজয়ের মাসে প্রথমা প্রকাশনের আয়োজনে শুরু হচ্ছে বিজয় বইমেলা। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে এই বইমেলা শুরু হবে, যেখানে প্রথমা প্রকাশনের বইসহ অন্যান্য প্রকাশনীর কিছু বই ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনা যাবে।
১০ দিনব্যাপী এই মেলা চলবে ১২ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৮টা পর্যন্ত। মেলায় প্রথমা প্রকাশনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রকাশনীর বই, বিদেশি প্রকাশনীর বই, এবং পত্র-পত্রিকাও পাওয়া যাবে।
প্রথমার বিজয় বইমেলাকে ঘিরে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ও বিশেষ অনুষ্ঠান। আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল চারটায় এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক সামিনা লুৎফার বিশেষ বক্তৃতা এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বক্তৃতা রয়েছে। এছাড়াও ১৫ ডিসেম্বর বদরুদ্দীন উমর, ১৯ ডিসেম্বর মহিউদ্দিন আহমদ, এবং ২০ ডিসেম্বর অধ্যাপক আসিফ নজরুলের লেখালেখি ও গবেষণাকেন্দ্রিক আলোচনা অনুষ্ঠিত হবে।
এসব অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতিমান শিল্পীরা। তাই বইপ্রেমী এবং পাঠকদের জন্য এ মেলা হবে জ্ঞানের সঙ্গে সংস্কৃতির এক মিলনমেলা।
