বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

রাচিনের ছক্কায় ম্যাচ শেষ, চেন্নাইয়ের দাপুটে জয়

by ঢাকাবার্তা
শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রাচিন রবীন্দ্র

ডেস্ক রিপোর্ট ।।

আইপিএল ২০২৫-এর অভিযান দারুণভাবে শুরু করল চেন্নাই সুপার কিংস (CSK)। নিজেদের প্রথম ম্যাচে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করল রুতুরাজ গায়কোয়াড়ের দল।

ম্যাচের সেরা আফগান স্পিনার নূর আহমদের দুর্দান্ত বোলিং (৪/১৮) চাপে ফেলে দেয় মুম্বাইকে। নির্ধারিত ২০ ওভারে মুম্বাই থামে ১৫৫/৯ রানে। এরপর লক্ষ্য তাড়ায় অধিনায়ক রুতুরাজের ২৬ বলে ঝকঝকে ৫২ এবং রচিন রবীন্দ্রের ধীরস্থির অপরাজিত ৬৫ রানে জয় নিশ্চিত করে চেন্নাই।

টস জিতে ফিল্ডিং নেওয়া চেন্নাই শুরুতেই ছন্দ পায়। প্রথম ওভারেই খালিল আহমেদ আউট করেন রোহিত শর্মাকে। তৃতীয় ওভারে ফের খালিল ফিরিয়ে দেন রায়ান রিকেলটনকে। এরপর ১০ বছর পর সিএসকে-তে ফেরা রবিচন্দ্রন অশ্বিন নিজের প্রথম বলেই উইল জ্যাকসকে ফেরান। মুম্বাইয়ের শুরুটা হয় বিপর্যস্ত।

সুযোগ বুঝে অধিনায়ক ঋতুরাজ আক্রমণে আনেন নূর আহমদকে। তিনি সুনিপুণভাবে ফাঁদ পেতে প্রথমে মুম্বাই অধিনায়ক সূর্যকুমার যাদবকে (২৬ বলে ২৯) আউট করেন, ধোনির দারুণ স্টাম্পিংয়ে। এরপর দ্রুত ফেরান তিলক ভার্মা (২৫ বলে ৩১)-কে। শেষে খালিলের (৩/২৯) সঙ্গে মিলে মুম্বাইকে ১৫৫/৯ রানে আটকে দেন নূর (৪/১৮)। দীপক চাহারের ১৫ বলে অপরাজিত ২৮ রানই কেবল মুম্বাইয়ের স্কোর একটু টেনেছিল।

৪৩ বছর বয়সেও সূর্যকুমারকে স্ট্যাম্পিং করলেন ধোনি

৪৩ বছর বয়সেও সূর্যকুমারকে স্ট্যাম্পিং করলেন ধোনি

১৫৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। দীপক চাহার আউট করেন আইপিএল অভিষিক্ত রাহুল ত্রিপাঠীকে। তবে দ্বিতীয় উইকেটে রুতুরাজ ও রচিন ঝড় তোলে। পাওয়ারপ্লেতে স্কোর দাঁড়ায় ৬২/১। ১৯ বলে ৪২ রান তুলে রুতুরাজ ২২ বলে ফিফটি করেন। উইল জ্যাকসের বলে দুর্দান্ত ইনসাইড আউট শটে ছক্কা হাঁকিয়ে পূরণ করেন দ্রুততম আইপিএল ফিফটি।

তবে অভিষিক্ত বোলার ভিগনেশ পুথুর (৩/৩২) হঠাৎই ম্যাচে নাটক ফেরান। রুতুরাজ (২৬ বলে ৫৩), শিবম দুবে ও দীপক হুদাকে দ্রুত ফেরান পুথুর। ৩১ বলে ২৪ রান দরকার থাকাকালীন চাপের মুহূর্তে রাচিন রবীন্দ্র দায়িত্ব নেন। ১৮তম ওভারে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন, পাশে থাকেন জাদেজা (১৭ রান)।

শেষে ৪ রান দরকার থাকতেই জাদেজা রানআউট হন। চিপক গ্যালারি তখন উত্তাল—বিনোদনের জন্য মহেন্দ্র সিং ধোনির আগমন। যদিও ধোনি নয়, ম্যাচ শেষ করেন রাচিনই। ছক্কা হাঁকিয়ে ৬৫ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। পাঁচবারের চ্যাম্পিয়নদের টুর্নামেন্টে শুরুটা হয় জয় দিয়েই।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net