রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

ইসলামাবাদের আত্মঘাতী হামলায় ভারতকে দায়ী করলেন শাহবাজ শরিফ

এক দিনে দুটি হামলার ঘটনায় ভারতের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’কে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

by ঢাকাবার্তা
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

ডেস্ক রিপোর্ট ।।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী হামলার ঘটনায় ভারতকে দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই দিন আফগান সীমান্তের কাছে একটি ক্যাডেট কলেজে হামলার ঘটনাতেও ভারতের ভূমিকার অভিযোগ তুলেছেন তিনি। মঙ্গলবার এ দুটি হামলা ঘটে।

ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশপথে হওয়া আত্মঘাতী হামলায় ১২ জন নিহত ও অন্তত ৩৬ জন আহত হন। অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজে হামলায় তিনজন নিহত হয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির বরাত দিয়ে ডন জানিয়েছে।

  • ইসলামাবাদ জেলা আদালতের কাছে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত, ৩৬ জন আহত
  • দক্ষিণ ওয়াজিরিস্তানের ক্যাডেট কলেজে হামলায় নিহত ৩
  • দু’টি হামলাকেই ভারতের ষড়যন্ত্র বলে মন্তব্য শাহবাজ শরিফের
  • প্রমাণ ছাড়াই ভারতবিরোধী মন্তব্য, এক্স প্ল্যাটফর্মে দেন প্রতিক্রিয়া
  • দিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে নিহত ১৩, ভারত বলছে পাকিস্তানভিত্তিক গোষ্ঠীর কাজ

দুটি হামলা নিয়ে প্রতিক্রিয়ায় শাহবাজ শরিফ বলেন, “এগুলো এ অঞ্চলে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জঘন্যতম উদাহরণ।” তবে নিজের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

এক্স (টুইটার)–এ সরকারি অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ আরও বলেন, “এখন সময় এসেছে বিশ্ব সম্প্রদায়ের ভারতের এসব ঘৃণ্য ষড়যন্ত্রের নিন্দা জানানোর।” তিনি যোগ করেন, “সন্ত্রাসবাদের অভিশাপ নির্মূল না করা পর্যন্ত পাকিস্তান এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।”

এর আগের দিন, সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে এক গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত ও অনেকে আহত হন। ভারতীয় পুলিশ ও গণমাধ্যম এ ঘটনার জন্য পাকিস্তানভিত্তিক এক জঙ্গিগোষ্ঠীকে দায়ী করছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net