শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

সাংবাদিক মাসুদ কামালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন তারেক রহমান

by ঢাকাবার্তা
তারেক রহমানের প্রতিনিধিদের সঙ্গে মাসুদ কামাল

স্টাফ রিপোর্টার ।। 

প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের অসুস্থতার খবরে সহমর্মিতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৮ জুন শনিবার সন্ধ্যায় লন্ডন থেকে সরাসরি টেলিফোনে মাসুদ কামালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

গত কয়েকদিন ধরে জ্বর ও তীব্র শরীরব্যথায় ভুগছিলেন মাসুদ কামাল। ২২ জুন নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে জীবনে প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। বিভিন্ন টেস্ট করার পরও অসুস্থতার সুনির্দিষ্ট কারণ তখনও নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি লিখেছিলেন। তিনি জানান, প্রতিদিন তার ফোনে শতাধিক কল আসে, কিন্তু অসুস্থতার কারণে সেগুলো রিসিভ করা সম্ভব হচ্ছে না। সবাইকে তখন তাকে ফোন না করার অনুরোধও জানান তিনি।

সেই পোস্টে মাসুদ কামাল আরও লেখেন— “আমার এত বছরের জীবনে অসুখের জন্য কখনো হাসপাতালে ভর্তি হইনি। কিন্তু এবার পরিস্থিতি এতটাই সিরিয়াস যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অনুরোধ, আমার জন্য দোয়া করবেন। আর আমার কর্মকাণ্ডের কারণে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, ক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করবেন।”

এরই মধ্যে হাসপাতালে কিছুদিন চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।

এমন পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু মাসুদ কামালের শারীরিক পরিস্থিতির খোঁজই নেননি, বরং তার প্রতি ব্যক্তিগত সহানুভূতি প্রকাশ করে আগামীর রাজনীতি নিয়েও কিছুক্ষণ কথা বলেন। পাশাপাশি মাসুদ কামালের সহধর্মিণী ও সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতীর সঙ্গেও কথা বলেন তিনি।

এই সময় তারেক রহমানের সঙ্গে টেলিফোনে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন।

সাংবাদিক মাসুদ কামালের অসুস্থতা এবং তার প্রতি দেশের রাজনীতিক ও গণমাধ্যমকর্মীদের সহানুভূতির বার্তা সমাজে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তার দ্রুত আরোগ্য কামনায় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত শুভকামনা জানিয়েছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net