স্টাফ রিপোর্টার ।।
প্রবল বৃষ্টিতে ঢাকার কালশী বালুর মাঠ বস্তি জলাবদ্ধতায় ডুবে গেছে। ফলে কয়েক শ বাসিন্দা বাধ্য হয়ে কালশী উড়ালসড়কের নিচে আশ্রয় নিয়েছেন। কারও ঘরে কোমরসমান, আবার কারও ঘরে বুকসমান পানি উঠে গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পানি বাড়তে শুরু করলে বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে আসেন। কেউ আত্মীয়ের বাসায়, কেউবা উড়ালসড়কের নিচে অবস্থান নেন। অনেকেই রাত ১১টা থেকেই সেখানে ছিলেন।
উড়ালসড়কের নিচে শুকনো জায়গায় বসে ছিলেন অনেকে, কেউ মুড়ি-গুড় খাচ্ছিলেন, কেউ ভিজে জিনিসপত্র শুকাচ্ছিলেন। নিরাপত্তার জন্য পালা করে পাহারাও দিয়েছেন কেউ কেউ।
প্রায় ৪৫০টি পরিবার বাস করেন ওই বস্তিতে। আজ শুক্রবার সকালেও ঘরে পানি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ১০টি অঞ্চলে কুইক রেসপন্স টিম ও শ্রমিক দল কাজ করছেন। ২৮টি অভিযোগ পেয়েছে তারা এবং ২৯টি এলাকায় কাজ হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ মিন্টু জানান, দলীয় সিদ্ধান্তে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং দুপুরে খিচুড়ির ব্যবস্থাও করা হচ্ছে।



