স্টাফ রিপোর্টার ।।
আগামী ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ ঢাকায় আসবেন। তার সফরের উদ্দেশ্য হলো, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের কথা রয়েছে ২২ এপ্রিল।
২০১২ সালে পাকিস্তানের শেষ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকা সফর করেছিলেন হিনা রাব্বানি খার, ফলে এক দশকেরও বেশি সময় পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। পাকিস্তান ঢাকা সম্পর্ক উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এরই মধ্যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গত মার্চে ঢাকা সফর করেছেন।
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, ১৭ এপ্রিল ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর নিশ্চিত হয়েছে এবং তিনি চলতি মাসেই ঢাকা আসবেন।
