শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

সাকিবের ফেরার বিষয়ে বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি : বিসিবি সভাপতি

by ঢাকাবার্তা
আমিনুল ইসলাম বুলবুল ও সাকিব আল হাসান। গ্রাফিক, গালা

স্পোর্টস ডেস্ক ।।

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক ব্যক্তির মতো বিপাকে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, যার কারণে তিনি দেশে ফিরছেন না।

এ অবস্থায় সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘সাকিবের জাতীয় দলে ফেরা সম্পর্কে কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন কিছু হলে বোর্ডে আলোচনা হয়। আমি অফিসিয়ালি এখনও এমন কিছু শুনিনি, এটাই সত্য।’

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আরও বলেন, ‘বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি সাকিবের ফেরার বিষয়ে। ক্রিকেটের বাইরের বিষয়গুলো আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না। গত দুই বছর ধরেই এসব আলোচনা চলছে। এই তথ্য গুজব কি না জানি না, তবে আমি নিজে তো বোর্ডের সভাপতি, সেটাও জানি না।’

এর আগে গত শনিবার বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সভাপতি পুরো দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর। তারাও বিষয়টি দেখছেন। এটা অবশ্যই বিবেচনায় নেওয়া হবে।’

উল্লেখ্য, গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net