বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

স্টেশনে ঢুকে না চড়লেও মেট্রোরেলে কাটবে ১০০ টাকা

by ঢাকাবার্তা
মেট্রোরেল

স্টাফ রিপোর্টার ।।

মেট্রোরেলে কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে প্রবেশের পর ট্রেনে না চড়ে বেরিয়ে গেলেও যাত্রীকে ১০০ টাকা পরিশোধ করতে হবে—এমন নতুন নিয়ম কার্যকর করেছে কর্তৃপক্ষ। আগে পাঁচ মিনিটের মধ্যে স্টেশন ত্যাগ করলে কোনো ভাড়া কাটা হতো না, নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না।

২০ অক্টোবর থেকে নিয়মটি চালু হয়েছে এবং স্টেশনগুলোতে সংশ্লিষ্ট নোটিশ টাঙানো হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে গিয়ে এ–সংক্রান্ত নোটিশ দেখা গেছে।

কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এখন থেকে একই স্টেশনে ‘ফ্রি এন্ট্রি–ফ্রি এক্সিট’ বন্ধ। তিনি বলেন, “গতকাল থেকে নিয়ম কার্যকর হয়েছে।”

তবে বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তিনি এই নিয়ম সম্পর্কে অবগত নন। তিনি জানান, এখন মেট্রোরেলে নিরাপত্তা–সংক্রান্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে—যে যাত্রী একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করবেন, তাঁর ক্ষেত্রে ১০০ টাকা ভাড়া কাটা হবে

এই নিয়মকে অযৌক্তিক বলে অভিযোগ করছেন যাত্রীরা। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের ফেসবুক গ্রুপে এ–সংক্রান্ত একটি পোস্টে তিন হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। অনেক যাত্রী বলছেন, কেউ অসুস্থ হয়ে পড়লে, জরুরি প্রয়োজনে বের হতে হলে বা বিশেষ পরিস্থিতিতে স্টেশন থেকে ফিরে আসলে এভাবে ১০০ টাকা কাটা অন্যায়। তাঁদের মত—ভাড়া ফাঁকি ঠেকানোর প্রয়োজনে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে ১০০ টাকা কাটার সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক।

কারওয়ান বাজার স্টেশনের এক যাত্রী সাজিদ হোসেন (ছদ্মনাম) জানান, তিনি মাত্র তিন–চার মিনিটের মধ্যে স্টেশন থেকে বের হলেও তাঁর কার্ড থেকে ১০০ টাকা কেটে নেওয়া হয়েছে। কার্ডে পর্যাপ্ত টাকা না থাকায় নতুন করে রিচার্জ করেও অর্থ পরিশোধ করতে হয়েছে। তিনি এ নিয়ম বাতিলের দাবি জানান।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net