ডেস্ক রিপোর্ট ।।
ভারতের বিপক্ষে সর্বশেষ বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালে হেনস্তার শিকার হন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজার মা ফোজিয়া তারিক। শুক্রবার প্রকাশিত A National Response to Islamophobia শীর্ষক এক প্রতিবেদনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন খাজা।
৩৮ বছর বয়সী এই ক্রিকেটার জানান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়েছিলেন তাঁর মা। সেখানে শুধুমাত্র হিজাব পরার কারণে দু’জন যুবক তাঁকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
প্রতিবেদনটিতে খাজা লেখেন, “আজকের সমাজে ঘৃণা সর্বত্র ছড়িয়ে আছে। গত বছরের বক্সিং ডে টেস্টে আমার মা নিজেই সেটা অনুভব করেছেন। তিনি সবসময় পরিবারের সঙ্গে আমার খেলা দেখতে আসেন, যা আমাদের জন্য আনন্দের মুহূর্ত। কিন্তু এবার কেবলমাত্র হিজাব পরার কারণে দু’জন যুবক তাঁর পেছনে দাঁড়িয়ে অশ্লীল গালি দিতে শুরু করে।”

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মায়ের সঙ্গে উসমান খাজা। জানুয়ারিতে তোলা ছবি
খাজা আরও বলেন, “আমার মা ভয় পেয়েছিলেন। সেসময় তিনি কী করবেন তা বুঝে উঠতে পারেননি এবং বিষয়টি নিয়ে তিনি গভীর হতাশায় ভুগেছেন। পুলিশ ঘটনাটিতে জড়িত হয়, তবে মা আর এগোতে চাননি এবং ঘটনাটি প্রকাশ্যে আনতেও অনিচ্ছুক ছিলেন।”
তিনি জানান, “ছেলেদের আটক করা হয়েছিল। কিন্তু মা বলেছিলেন, ‘আমি একটি ঘটনার জন্য এই ছোট ছেলেদের জীবন নষ্ট করতে চাই না।’” খাজা বলেন, “যারা আমার মায়ের সঙ্গে এমন আচরণ করেছিল, তাদের প্রতি আমার রাগ বেড়ে গিয়েছিল। কিন্তু আমি মায়ের ইচ্ছাকে সম্মান করেছি এবং আমরা বিষয়টি গোপন রেখেছিলাম, এমনকি আমার সতীর্থদের কাছ থেকেও।”
