মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

জলাবদ্ধতা ও যানজট, বৃষ্টিতে নাকাল নগরবাসী

by ঢাকাবার্তা
বৃষ্টিতে জলাবদ্ধতা, ঢাকার যেনো চেনা দৃশ্য

স্টাফ রিপোর্টার ।।

বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি বৃহস্পতিবার সকালেও থামছে না। এর ফলে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মধ্য আশ্বিনের ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর পল্টন, শাহবাগ, শান্তিনগর, মিরপুর, মতিঝিলসহ বিভিন্ন এলাকার রাস্তাগুলোতে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

এদিকে অঝোর ধারার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায়। পানি জমে যাওয়ার কারণে বিভিন্ন সড়কে সকালেই যানজট তৈরি হয়েছে। ফলে অসহনীয় ভোগান্তিতে পড়ে নাকাল নগরবাসী। বিশেষ করে অফিসগামী ও স্কুলগামীদের ভোগান্তি বেশি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দু’দিন বৃষ্টিপাত বাড়তে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা ফরিদপুর অঞ্চলের উর্ধ্বাকাশে একটা একটা ঘুর্ণিবাতাস থাকার কারণে বাংলাদেশের সবগুলো বিভাগের উপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্রগ্রামে এর সম্ভাবনা বেশি। এজন্য ভারি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দেয়া আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়ায় কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net