কুমিল্লা প্রতিনিধি ।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় মাসুম মিয়া (২০) নামের এক তরুণকে হত্যার অভিযোগে কুমিল্লা-৬ সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আরও কমপক্ষে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
রবিবার (১৮ আগস্ট) রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন নগরীর দিশাবন্দ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে আবদুল হান্নান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভুঁইয়া।

কুমিল্লা সিটি মেয়র তাহসীন বাহার সূচনা

কুমিল্লা-৬ সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি মেয়র তাহসীন বাহার সূচনা।
মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সদর দক্ষিণ মডেল থানাধীন নন্দনপুর সাকিন কোটবাড়ি বিশ্বরোড পাকা রাস্তার ওপর শান্তিপূর্ণ অবস্থান করছিল। বিকাল ৪টা ২০ মিনিটের দিকে ১ ও ২ নম্বর আসামি বাহাউদ্দিন বাহার ও তাহসীন বাহারের হুকুমে মাসুম মিয়াকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন আরও অনেকে।
