চট্টগ্রাম প্রতিনিধি ।।
জুলাইয়ের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বাসা থেকে সাতজনকে আটক করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকার চশমা হিলে এই অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা-পুলিশ। অভিযানের পর যাচাই–বাছাইয়ের জন্য বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিআর বক্স জব্দ করা হয়। আটক ব্যক্তিদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
- পাঁচলাইশ থানার অভিযানে চশমা হিল এলাকার বাসায় তল্লাশি
- আটকরা সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে মহিবুলের বাসায় ছিলেন
- আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মসূচি ঘিরে জমায়েতের অভিযোগে অভিযান
- পুলিশের দাবি, আটকরা ‘ক্যাফে মিলানো’ রেস্তোরাঁর কর্মচারী
নওফেল প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।
পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের কর্মসূচি ঘিরে বাসাটিতে কয়েকজন জড়ো হচ্ছেন—এমন তথ্য একটি ফেসবুক পোস্টে দেখা যায়। সেই সূত্রে অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া পুলিশ জানিয়েছে, ২ নম্বর গেট এলাকায় নওফেলের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ চালাতেন। গত বছরের ৫ আগস্টের পর রেস্তোরাঁটি বন্ধ থাকলেও তারা অনলাইনে খাবার বিক্রি করতেন। আটক সাতজন ওই রেস্তোরাঁর কর্মচারী বলে দাবি করেছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘একটি ফেসবুক পোস্টে তথ্য পাই যে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কিছু লোক এখানে জড়ো হচ্ছেন। আরও বলা হয়েছিল, তাঁদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’
