রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মাধ্যমে ৭,৩৪০ কোটি টাকার বাঁধ প্রকল্পের চিন্তা

by ঢাকাবার্তা
ফেনীতে বন্যা

ফেনী প্রতিনিধি ।।

ফেনীর উত্তরের দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক। শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া এবং পুরাতন মুন্সীর হাট এলাকার বন্যা পরিস্থিতি ও একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৭,৩৪০ কোটি টাকার বাজেট প্রয়োজন হবে। এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সময়, অর্থ এবং প্রযুক্তিগত সহযোগিতা জরুরি। আপাতত সমস্যা সমাধানে প্রাথমিকভাবে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগে যেখানে জিও ব্যাগ ব্যবহার করা হতো, এবার সেখানে টিউব ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেনীতে বন্যার একটি ছবি।

ফেনীতে বন্যার একটি ছবি।

তিনি আরও জানান, আগের বন্যায় প্রাণহানি ঘটলেও এবার সচেতনতায় কোনো প্রাণহানি ঘটেনি। তিনি বলেন, “অনেকে বলেন, ত্রাণ চাই না—এটা পুরোপুরি ঠিক নয়। জীবন রক্ষায় বাঁধ যেমন দরকার, তেমনি দরকার ত্রাণ সহায়তাও। এটা আমাদের সকলের সম্মিলিত কষ্ট।” বিশেষ করে বন্যায় জীবিকা হারানো দরিদ্র মানুষদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ দিয়ে বাঁচিয়ে রাখতে হবে।

বন্যা দুর্গতদের অভিযোগ, অনেক জায়গায় এখনো পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছেনি। উপদেষ্টার কাছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

এ সময় ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, উপজেলা বিএনপি নেতা আবদুল রসুল, নূর হোসেনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net