স্টাফ রিপোর্টার ।।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেতে আগ্রহী হয়ে মনোনয়ন ফরম কিনেছেন অন্তত ১৪ জন তারকা শিল্পী। তাদের মধ্যে রয়েছেন নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের পরিচিত মুখ।
মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে আজ (বৃহস্পতিবার) মনোনয়ন জমা দিয়েছেন অভিনেত্রী লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, শামিমা তুষ্টি এবং চিত্রনায়িকা সিমলা। এর আগে গত মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, নিপুণ, তানভিন সুইটি, সোহানা সাবা, শাহনূর এবং ঊর্মিলা শ্রাবন্তী কর। বুধবার মনোনয়ন ফরম কেনেন আরেক অভিনেত্রী শমী কায়সার ও নির্মাতা ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার জন্য সময় নির্ধারণ করা হয়েছিল ৬ থেকে ৮ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পেরেছেন। মনোনয়ন ফরম বিতরণ ও জমার জন্য বিভাগভিত্তিক ব্যবস্থা রাখা হয়।
এদিকে নির্বাচন কমিশনের কাছে দাখিল করা চিঠিতে আওয়ামী লীগ জানিয়েছে, তারা ১৪ দলীয় জোটের অংশীদারদের নিয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নেবে। এছাড়া ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থনও আওয়ামী লীগের সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি বলেন, “স্বতন্ত্রদের সমর্থন পেলে আওয়ামী লীগ এই আসনগুলোতে ৪৮টির মতো আসন পেতে পারে।”
সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে দলীয় মনোনয়নে প্রাধান্য দেওয়া হবে ‘সময়ের পরীক্ষিত বন্ধুদের’—এমনটাই ইঙ্গিত দিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্বাচন কমিশন আগামী মাসের শুরুতেই সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের ৪৩ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সংরক্ষিত আসন থেকে।
