গাজীপুর প্রতিনিধি ।।
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নুসরাত ফারিয়ার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছে। যাচাই-বাছাই শেষে তাঁকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হলেও আদালত তাকে মুক্তির আদেশ দেন।
রবিবার (১৮ মে) সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এক ব্যক্তি – এনামুল হক (৩৫)। পরে ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করেন, যার মধ্যে ছিলেন নুসরাত ফারিয়াসহ আরও ১৭ জন অভিনয়শিল্পী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা। আদালতের নির্দেশে মামলাটি ৩ মে ভাটারা থানায় এজাহার হিসেবে রেকর্ড হয়।
এই মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের পক্ষে কাজ করেছেন এবং আর্থিকভাবে সহায়তাও দিয়েছেন।
২০ মে সোমবার নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। তবে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নুসরাত ফারিয়া তার ক্যারিয়ার শুরু করেন রেডিও জকি (আরজে) হিসেবে। পরে উপস্থাপনা এবং নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর তিনি ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টির মতো সিনেমায় অভিনয় করেন।