মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন আর নেই

by ঢাকাবার্তা
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন

স্টাফ রিপোর্টার ।।

দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

গত ৩০ মে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে বাসায় নেওয়া হলেও গত সপ্তাহে ফের অসুস্থ হয়ে পড়ায় আবার হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই সাংবাদিক। চিকিৎসকরা জানান, তার শরীরে খনিজের অসমতা ছিল; পাশাপাশি শ্বাসকষ্ট, রক্তচাপজনিত নানা জটিলতা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছিল।

আলমগীর মহিউদ্দিন নাটোরে জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন। রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের জনক। চার বছর আগে তার স্ত্রী মারা গেছেন।

আজ বাদ মাগরিব রাজধানীর মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net