বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ক্যানসারের ঝুঁকি সন্দেহে ভারতের কয়েক রাজ্যে হাওয়াই মিঠাই নিষিদ্ধ

এর আগে চলতি মাসের শুরুর দিকে পদুচেরিতে হাওয়াই মিঠাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। অন্যান্য রাজ্যেও এর নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
ক্যানসারের ঝুঁকি সন্দেহে ভারতের কয়েক রাজ্যে হাওয়াই মিঠাই নিষিদ্ধ

বিদেশ ডেস্ক।।

স্কুলের সামনে, পার্ক ও ঘোরাঘুরির জায়গাগুলোতে হাওয়াই মিঠাই বিক্রি করতে দেখা যায়। শিশুদের কাছে আকর্ষণীয় গোলাপি রঙের এই মিষ্টিজাতীয় খাবারে ক্যানসারের ঝুঁকি হওয়ার উপাদান থাকছে বলে সন্দেহ করা হচ্ছে। গত সপ্তাহে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামুলনাড়ুতে হাওয়াই মিঠাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় এতে ক্যানসারের উপাদান রোডামিন–বি ধরা পড়ার পর রাজ্য কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে পদুচেরিতে হাওয়াই মিঠাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। অন্যান্য রাজ্যেও এর নমুনা পরীক্ষা শুরু হয়েছে। বিশ্বজুড়ে শিশুদের কাছে হাওয়াই মিঠাইয়ের জনপ্রিয়তা রয়েছে। মুখে দিলেই গলে মিষ্টি স্বাদ দেয় এটা। তবে ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভয়ংকর। তামিলনাড়ুর চেন্নাই শহরের খাদ্যনিরাপত্তা কর্মকর্তা ডি সতীশ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, হাওয়াই মিঠাইয়ে যে বিষাক্ত উপাদান রয়েছে, তা ক্যানসার সৃষ্টি করতে পারে এবং শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গে তা ছড়িয়ে পড়তে পারে।

গত সপ্তাহে চেন্নাইয়ের একটি সৈকতে অভিযান চালিয়ে হাওয়াই মিঠাই বিক্রেতাদের পাকড়াও করেন সতীশ ও তাঁর দলের সদস্যরা। সতীশ জানান, শহরে যারা এ মিষ্টি বিক্রি করে, তারা সবাই নিজেদের মতো করে এটা তৈরি করে এবং এর কোনো নিবন্ধিত কারখানা নেই।

এর কয়েক দিনের মধ্যে নমুনা পরীক্ষায় হাওয়াই মিঠাইয়ে রোডামিন–বি রাসায়নিক শনাক্ত হওয়ার পর এটা বিক্রি ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে তামিলনাড়ু সরকার। রোডামিন-বি কোনো কিছুতে ব্যবহার করলে তা গোলাপি আভা দেয়। বস্ত্র, প্রসাধনী ও কালি শুকাতে এই রাসায়নিক ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, এই রাসায়নিক ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে। ইউরোপ ও ক্যালিফোর্নিয়ায় খাবারে এর ব্যবহার অবৈধ।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net