শনিবার, মার্চ ১৪, ২০২৬

বার্নিকাটের গাড়িবহরে হামলা সেই ইশতিয়াক মাহমুদের জামিন

ইশতিয়াক মাহমুদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ

by ঢাকাবার্তা ডেস্ক
বার্নিকাটের গাড়িবহরে হামলা সেই ইশতিয়াক মাহমুদের জামিন

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় মোহাম্মদ ইশতিয়াক মাহমুদের জামিন মঞ্জুর করেছেন আদালত। তিনি সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ইশতিয়াক মাহমুদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। অপর দিকে আসামির পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থেকে ইশতিয়াক মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার নয়জনের বিরুদ্ধে ডিবি পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেন আদালত। ইশতিয়াক মাহমুদ পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চার্জশিটভূক্ত অপর আসামিরা হলেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেল, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে চার্জশিট জমা দেয় ডিবি পুলিশ।

মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২২ সালের ১ মার্চ নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত বছরের ২৮ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ৪ ডিসেম্বর এ মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ হয়। পরবর্তীতে দেখা যায় এদের মধ্যে সাক্ষী ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে জনৈক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন। পরবর্তীতে গত ২৭ ডিসেম্বর আদালত এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে উত্তোলন করে অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঢাকার সিএমএম বরাবর প্রেরণ করেন।

গত ১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন।

আরও পড়ুনঃ যৌথ প্রকল্প বাস্তবায়নে রাশিয়া সবসময় পাশে থাকবে: পুতিন

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net