বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানি জেনারেল নিহত

কথিত হামলার বিষয়ে সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মন্তব্যও জানা যায়নি।

by ঢাকাবার্তা ডেস্ক
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানি জেনারেল নিহত

বিদেশ ডেস্ক।।

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর এক সিনিয়র উপদেষ্টা নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে একটি এলাকায় এই হামলা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।   খবরে বলা হয়েছে, সোমবারের হামলায় আইআরজিসির একজন শীর্ষ কমান্ডার সরদার সায়েদ রাজি মৌসাভি নিহত হয়েছেন। সিরিয়া ও ইরানের সামরিক জোট সমন্বয়ের দায়িত্বে ছিলেন এই কমান্ডার।

কথিত হামলার বিষয়ে সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মন্তব্যও জানা যায়নি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দামেস্কের উপকণ্ঠ সিট জয়নাবে হামলায় রাজি মৌসাভি নিহত হয়েছেন।এতে আরও বলা হয়েছে, সিরিয়ায় আইআরজিসির প্রবীণ উপদেষ্টাদের একজন ছিলেন তিনি। নিহত এই কমান্ডার আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ ছিলেন। ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন সোলাইমানি।

তিনটি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও ইরানি কমান্ডারের নিহতের কথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম নিয়মিত সংবাদ সম্প্রচার বন্ধ করে মৌসাভির মৃত্যুর খবর প্রকাশ করেছে।   ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন ও সহযোগিতার মাধ্যমে দেশটিতে ইরানের উপস্থিতি ও প্রভাব বেড়েছে।

আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরসহ সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট স্থাপনায় অনেক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সূত্রগুলো দাবি করে আসছে, সিরিয়ায় ইরানের সাপ্লাই লাইন ব্যাহত করাই তাদের হামলার লক্ষ্য। চলতি মাসের শুরুতে ইরান জানিয়েছিল, সিরিয়ায় ইসরায়েলি হামলায় আইআরজিসির দুই সদস্য নিহত হয়েছেন। তারা সেখানে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।

 

আরও পড়ুন: বড়দিনের রাতেও গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৭০

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net