বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

তেহরান-তেল আবিবে পাল্টাপাল্টি হামলা: দুই শহরেই বিস্ফোরণ, নিহত বহু

by ঢাকাবার্তা
ইরান ও ইসরায়েলের পতাকা

ডেস্ক রিপোর্ট ।। 

তেহরান ও তেল আবিব—মধ্যপ্রাচ্যের দুই প্রধান শহর এখন কার্যত যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় ইরান ও ইসরায়েল দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

ইসরায়েল শুক্রবার ভোররাতে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে বিমান হামলা চালায়। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে চালানো এই অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। হামলায় অন্তত ২০ জন সামরিক কমান্ডারসহ ৭৮ জন নিহত এবং তিন শতাধিক আহত হওয়ার কথা জানা গেছে। ইসরায়েল দাবি করেছে, তাদের ২০০টি যুদ্ধবিমান ইরানের শতাধিক স্থাপনায় হামলা চালায়।

তেহরানের কাছে ফোর্দো পারমাণবিক কেন্দ্রের আশেপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ফার্স নিউজ। এছাড়া রাজধানীর পশ্চিমাঞ্চল, গার্মদারেহ এবং কোমের কাছেও বিস্ফোরণের খবর মিলেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং বিস্ফোরণের আলোর ঝলক দেখা গেছে।

অন্যদিকে, ইসরায়েলের রাজধানী তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জেরুজালেম ও তেল আবিবে সাইরেন বেজেছে, নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। ইরানের পাল্টা জবাবে ইসরায়েলের দিকে কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় ১০০ ড্রোন নিক্ষেপ করা হয়। যদিও ইসরায়েল দাবি করেছে, তাদের আকাশ ও নৌবাহিনী এই হামলার অধিকাংশ মাঝপথেই প্রতিহত করতে সক্ষম হয়েছে।

বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এখনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির দৃশ্য প্রচার করছে না। বরং সেখানে একের পর এক সরকারি কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনেই এই হামলার ‘কঠিন মূল্য’ চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এই সংঘাত মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। বিশ্বজুড়ে কূটনৈতিক পর্যবেক্ষকেরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তেহরান ও তেল আবিবে যেন একসঙ্গে আগুন জ্বলছে—এমন বাস্তবতা দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়বে গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তায়।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net