বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ইসরায়েল নয়, অন্য পক্ষ গাজার হাসপাতালে হামলা চালিয়েছে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট গাজায় হাসপাতালে হামলা চালানোর জন্য ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করেন

by ঢাকাবার্তা ডেস্ক
ইসরায়েল নয়, অন্য পক্ষ গাজার হাসপাতালে হামলা চালিয়েছে: বাইডেন

বিদেশ ডেস্ক।।

তেল আবিবে পৌঁছেই হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থনের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বুধবার তিনি ইসরায়েলের তেল আবিব শহরে পৌঁছান। ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সফর। পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট গাজায় হাসপাতালে হামলা চালানোর জন্য ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করেন। তিনি বলেন, হামাস ‘শুধু দুর্ভোগই’ নিয়ে এসেছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বাইডেন বলেন, ‘গতকাল হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি খুবই মর্মাহত ও ক্ষুব্ধ এবং আমি যা দেখেছি, তাতে আমার মনে হয়েছে, এটি আপনারা (ইসরায়েল) নয়, অন্য কোনো পক্ষ করেছে।’

বাইডেন বলেন, ‘কিন্তু বাইরের অনেক মানুষই নিশ্চিত নন কে এই হামলা চালিয়েছে। তাই এ নিয়ে আমাদের অনেক কিছু করতে হবে।’
এদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ওই বিস্ফোরণে ৫০০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় সেখানে বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

ইসরায়েলি সেনাবাহিনী এর জন্য ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। তাদের ভাষ্য, গাজার ইসলামিক জিহাদ সংগঠনটির ছোড়া রকেট লক্ষ্যবস্তুতে আঘাত না হেনে ভুল জায়গায় আঘাত করে এবং তা প্রমাণিত হবে।

বাইডেন বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, হামাস ফিলিস্তিনের সব মানুষের প্রতিনিধিত্ব করে না এবং তারা সেই মানুষগুলোর জন্য শুধু দুর্ভোগই নিয়ে এসেছে।’ বাইডেন ফিলিস্তিনের নিরপরাধ মানুষ এবং যুদ্ধের মধ্যে যাঁরা আটকা পড়েছেন, তাঁদের জীবন রক্ষার সক্ষমতাকে নিশ্চিত করতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন।বাইডেনের সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, গাজায় সাহায্য পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে ইসরায়েল।

বাইডেন ইসরায়েল সফর করে গর্বিত বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘ আমি ইসরায়েলের জনগণকে বলতে চাই…তাদের সাহস, তাদের প্রতিশ্রুতি এবং তাদের বীরত্ব অসাধারণ।’

 

আরও পড়ুনঃ গাজায় হাসপাতালে হামলায় নিহত বেড়ে ৫০০, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net