স্টাফ রিপোর্টার ।।
মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসের এক সোনালি অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।”
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি। বাণীতে তারেক রহমান বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং স্বাধীনতাযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
তারেক রহমান বলেন, “বিশ্বশান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা অগ্রগণ্য। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা কর্মদক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনছেন। দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও এই বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক, গতিশীল এবং দক্ষ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছিলেন। তারেক রহমান বলেন, “আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীরশ্রেষ্ঠদের। তাদের ত্যাগ ও অবদানের মাধ্যমে আমরা আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”
বিএনপি সরকারের সময়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নেওয়া পদক্ষেপের ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও উন্নয়ন ও শক্তিশালীকরণে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
