স্টাফ রিপোর্টার ।।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বেলা ৩টা ৩৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।
সেনাকুঞ্জে পৌঁছানোর পর অভ্যর্থনা
সেনাকুঞ্জে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এর আগে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বেলা সাড়ে তিনটার দিকে খালেদা জিয়া সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। দীর্ঘ ছয় বছরের বেশি সময় পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন মুহাম্মদ ইউনূস
সংবর্ধনা অনুষ্ঠানে কুশল বিনিময় ও আবেগঘন মুহূর্ত
অনুষ্ঠানে পৌঁছানোর পর খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আগে থেকেই উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কেঁদে ফেলেন।
উপস্থিত ব্যক্তিত্বরা
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খানসহ বিভিন্ন দলের নেতারা।

অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন মুহাম্মদ ইউনূস
আমন্ত্রণপত্র ও অংশগ্রহণ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৬ নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণ জানানো হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
