স্টাফ রিপোর্টার ।।
অন্তর্বর্তী সরকারের নাম পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার করা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার উচ্চ আদালতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “অন্তর্বর্তী সরকারের সদস্যরা যখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন, তখন এটি সাংবিধানিকভাবে বৈধ হবে। এতে কোনো সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে না।”
এদিন উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা বাতিল করে রায় দেন। এতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পথ খুলে যায়।
তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, “অন্তর্বর্তী সরকারকে নতুন নামে (তত্ত্বাবধায়ক সরকার) অভিহিত করা হবে। এটি ঠিক যেমন একজন জেলা জজ সিভিল মামলায় এক নামে এবং ফৌজদারি মামলায় আরেক নামে পরিচিত হন।”
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরের বিষয়টি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।
কার অধীনে নির্বাচন হবে, এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারও এটি করতে পারবে।”
তিনি আরও বলেন, “আজকের রায়ে উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ এবং তাদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক অবস্থা নেই।”
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের এই আলোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
