বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

মহিলারা নারীবাদী পরিচয় দিতে ভয় পান : আদা শর্মা

by ঢাকাবার্তা
আদা শর্মা

ডেস্ক রিপোর্ট ।।

আন্তর্জাতিক নারী দিবসে নারীবাদ নিয়ে সরব হলেন অভিনেত্রী আদা শর্মা। নিজেকে নারীবাদী বলে মনে করেন তিনি, তবে তাঁর মতে, সমাজে অনেক নারীই স্বীকার করতে ভয় পান যে তাঁরা নারীবাদী।

এক সাক্ষাৎকারে আদা বলেন, নারীবাদ নিয়ে এখনও অনেকেরই ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, এটি পুরুষদের নিন্দা করা বা নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার একপেশে প্রচেষ্টা। আদার ভাষায়, “নারীবাদ মানে লিঙ্গনির্বিশেষে সমানাধিকার ও সমান সুযোগ পাওয়া। কিন্তু সমাজে পুরুষতন্ত্র এতটাই গভীরে প্রোথিত যে মহিলারা নারীবাদী পরিচয় দিতে ভয় পান, কারণ পুরুষেরা ঠিকভাবে এর সংজ্ঞাই জানে না।”

নারী দিবসে বিশেষ কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করেন না আদা, তবে এই উদযাপনের বিপক্ষে নন। তিনি বলেন, “এটা যদি কাউকে খুশি করতে পারে, তাহলে ক্ষতি কী? বছরে একবার জন্মদিন পালন করার মতোই তো, মেয়েরা একটু আনন্দ করুক!”

চলচ্চিত্র জগতে পুরুষতন্ত্রের আধিপত্য নিয়েও কথা বলেন আদা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “সারা বিশ্বের মতোই এই ইন্ডাস্ট্রিও পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত।” তবে এই চ্যালেঞ্জ গ্রহণ করতেই তিনি পছন্দ করেন।

প্রসঙ্গত, আদা শর্মা ‘১৯২০’, ‘কম্যান্ডো ২’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘বস্তার: দ্য নক্সাল স্টোরি’র মতো ছবিতে অভিনয় করেছেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net