স্টাফ রিপোর্টার ।।
এবার ঈদে ব্যাংকের শাখা থেকে কোনো নতুন নোট মিলবে না। বাংলাদেশ ব্যাংক জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বিনিময় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
নতুন নোট বিতরণ স্থগিতের কারণ হিসেবে জানা গেছে, টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কিছু পক্ষ আপত্তি তুলেছে। এই পরিস্থিতিতে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে নতুন নোট বিতরণ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে বাজারে প্রচলিত নোট ব্যবহারে কোনো বাধা নেই।
বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে ব্যাংকের শাখাগুলোতে গচ্ছিত নতুন নোট সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পুনঃপ্রচলনযোগ্য নোট দিয়েই সব নগদ লেনদেন সম্পাদনের পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও এবার নতুন নোট পাবেন না।
এর আগে বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছিল, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে। তবে হঠাৎ করেই সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
জানা গেছে, নতুন নকশার নোট আগামী এপ্রিল-মে মাসে বাজারে আসতে পারে। এতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দিয়ে নতুন ডিজাইন অন্তর্ভুক্ত করা হচ্ছে।
টাকা ছাপানোর সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, বিশ্বব্যাপী নির্দিষ্ট কয়েকটি কারখানা টাকা ছাপানোর কাগজ সরবরাহ করে। নতুন নোট ছাপাতে সময় ও বিশেষ প্রক্রিয়া দরকার হয়। সাধারণত নতুন নকশার নোট বাজারে আনতে দুই বছর সময় লাগে। তবে বর্তমান পরিস্থিতিতে দ্রুত নতুন নোট আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
