রবিবার, মার্চ ১৫, ২০২৬

ঈদ এসে গেছে

by ঢাকাবার্তা
ঈদের চাঁদ

সৈয়দ হাসসান ।।

এক মাস সিয়াম সাধনার পর সোমবার দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন মুসলিমরা। রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এরপর ঈদুল ফিতর উদ্‌যাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

রাজধানীসহ সারাদেশে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে। চাঁদ দেখার পরপরই রেডিও-টেলিভিশনে বেজে ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান— “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ…”

রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া জানিয়েছেন, জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে। মুসল্লিদের জন্য অজুখানা, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহ ময়দানে আরামদায়ক কার্পেট বিছানো হয়েছে, তাই জায়নামাজ সঙ্গে আনার প্রয়োজন নেই। এছাড়া, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার জন্য দুটি মেডিকেল টিম থাকবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

  • প্রথম জামাত – সকাল ৭টা
  • দ্বিতীয় জামাত – সকাল ৮টা
  • তৃতীয় জামাত – সকাল ৯টা
  • চতুর্থ জামাত – সকাল ১০টা
  • পঞ্চম ও শেষ জামাত – বেলা ১০টা ৪৫ মিনিট

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী।

ঈদ উপলক্ষে প্রতিটি ঘরে আনন্দের প্রস্তুতি চলছে। পরিবারগুলো সাধ্যমতো ভালো খাবার রান্নার ব্যবস্থা করছে। শিশুরা নতুন পোশাক পরে নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে যাবে।

ঈদের সকালে ঘুম থেকে উঠে গোসল ও ওজু করে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেবেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করবেন এবং পরস্পরকে ঈদের শুভেচ্ছা জানাবেন। এরপর প্রিয়জনদের কবর জিয়ারত করতে যাবেন মুসল্লিরা এবং বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করবেন।

মোনাজাতরত মুহাম্মদ ইউনূস। ফাইল ফটোর গ্রাফিক, গালা

মোনাজাতরত মুহাম্মদ ইউনূস। ফাইল ফটোর গ্রাফিক, গালা

এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “সকলকে আনন্দময় ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি, ঈদের সময় আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের বাড়িতে যেতে পারবেন এবং পরিবারের সঙ্গে আনন্দের সাথে ঈদ উদ্‌যাপন করবেন।”

তিনি দেশবাসীকে আত্মীয়স্বজনের কবর জিয়ারত করার, দরিদ্রদের খোঁজখবর নেওয়ার এবং তাদের ভবিষ্যৎ উন্নতির বিষয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, “আপনার সন্তানদের আত্মীয়স্বজনের সঙ্গে পরিচয় করিয়ে দিন—এটাই আমার ইচ্ছা।”

এছাড়া, ঈদের নামাজের সময় মতপার্থক্য থাকা সত্ত্বেও সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো উসকানি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “সকলের জীবন অর্থপূর্ণ ও আনন্দে ভরে উঠুক। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।”

সাত বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি সূত্রে পাওয়া পারিবারিক একটি ছবিতে বড় ছেলে তারেক রহমান, তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা গেছে।

লন্ডনে খালেদা জিয়ার ঈদ উদযাপন

লন্ডনে খালেদা জিয়ার ঈদ উদযাপন

ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে লাখো মানুষ। রোববার কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। প্রশাসনের পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সবকিছু নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net