বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

পাক-ভারত উত্তেজনা চরমে, যুদ্ধের আশঙ্কা

by ঢাকাবার্তা
পাক-ভারত যুদ্ধের প্রতীকী চিত্র

ডেস্ক রিপোর্ট ।।

বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। পেহেলগাম হামলার জন্য ভারতের নেতারা সরাসরি পাকিস্তানকে দায়ী করে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। একইভাবে পাকিস্তান থেকেও জবাবি হুমকি আসছে। সামরিক উত্তেজনা বেড়েছে। ভারতের বিভিন্ন মহল পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি তুলেছে, যদিও সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

এদিকে, সিন্ধু নদের পানিচুক্তি স্থগিত করায় পাকিস্তানি নেতারা ক্ষুব্ধ। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, “সিন্ধু নদে হয় পানি প্রবাহিত হবে, না হয় রক্ত।” পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানান, মাতৃভূমির রক্ষায় পাকিস্তান সর্বদা প্রস্তুত এবং ঐক্যবদ্ধ। তবে শান্তির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, একইসঙ্গে সতর্ক করে বলেছেন, পাকিস্তানের শান্তিপ্রেমকে যেন কেউ দুর্বলতা না ভাবে।

মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হন। এর পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, পাকিস্তান তথ্যপ্রমাণ ছাড়াই দায়ারোপে ক্ষোভ প্রকাশ করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আন্তর্জাতিক তদন্ত করতে প্রস্তুত পাকিস্তান। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’দেশের মধ্যে উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছেন।

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারী দাবি করেন, ভারত প্রকৃতপক্ষে কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে। তিনি বলেন, হামলার ১০ মিনিটের মধ্যেই এফআইআর দায়ের করা হয়, যেখানে ‘ফরেন মাস্টার’ ও ‘ক্রস বর্ডার’ শব্দ যুক্ত করা হয়।

কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, জম্মু ও কাশ্মীরে পাঁচটি বাড়ি ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। বিস্ফোরক ব্যবহার করে কুলগাম, শোপিয়ান ও পুলওয়ামার কয়েকজন বাসিন্দার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীর বলেন, পাকিস্তানের শক্তির উৎস এর ইতিহাস ও আত্মত্যাগ। তিনি দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং ইতিহাস বিকৃতির প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আপস করবে না। তিনি সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধের হুমকির বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি আরও সতর্ক করেন, যদি ভারত পানিচুক্তি লঙ্ঘন করে, তবে পাকিস্তান তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার ও শুক্রবার রাতে নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ভারত দাবি করেছে, পাকিস্তান বিনা উস্কানিতে গুলি চালিয়েছে এবং ভারত এর যোগ্য জবাব দিয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের দাবি, হামলার সাথে পাকিস্তান-ভিত্তিক সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) জড়িত, যেটি লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন। হামলার অন্যতম অভিযুক্ত আদিল আহমেদ থোকার, যিনি ছয় বছর পাকিস্তানে থেকে দেশে ফিরেছিলেন।

উভয় দেশই কূটনৈতিক কর্মী প্রত্যাহার করেছে এবং ভিসা পরিষেবা বন্ধ করেছে। পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করেছে, যার মধ্যে সিমলা চুক্তিও রয়েছে। ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের পানিমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, “সিন্ধু নদীর এক ফোঁটাও পানি পাকিস্তানে যাবে না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছেন, “প্রত্যেক সন্ত্রাসীকে পৃথিবীর শেষ প্রান্তে তাড়া করা হবে।”

একজন অভিজ্ঞ ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক প্রবীণ সাহনি মন্তব্য করেছেন, সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম। কারণ হিসেবে তিনি চীনের উদ্বেগ এবং সীমান্তে সেনা মোতায়েনের প্রসঙ্গ তুলে ধরেন। তার মতে, মোদি রাজনৈতিক ফায়দা তুলতেই যুদ্ধের ভান করছেন।

পেহেলগাম হামলার পর ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এটা কোনো মজার বিষয় নয়, সন্ত্রাসবাদ সহ্য করা যায় না।” ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, যাতে আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত-পাকিস্তান এক গ্রুপে না পড়ে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net