বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

‘সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা’, শেহবাজের হুঁশিয়ারি

by ঢাকাবার্তা
শেহবাজ শরিফ ও মার্কো রুবিও। গ্রাফিক, গালা

ডেস্ক রিপোর্ট ।।

ভারতের বেপরোয়া ক্ষেপণাস্ত্র হামলা ও বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার ধারাবাহিক উসকানিমূলক কার্যকলাপের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, “আত্মরক্ষার অধিকার পাকিস্তান সংরক্ষণ করে।”

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুই নেতার মধ্যে ফোনালাপে দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এই আলোচনার দিনই পাকিস্তানের সামরিক বাহিনী ২৫টি ইসরায়েলি প্রযুক্তির হারপ ড্রোন ধ্বংস করে, যেগুলো ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিভিন্ন শহরের আকাশসীমায় পাঠানো হয়েছিল। এই ড্রোনগুলোকে ‘লোইটারিং মিউনিশন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেগুলো শত্রু এলাকায় দীর্ঘক্ষণ অবস্থান করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এসব ড্রোনের লক্ষ্য ছিল পাকিস্তানের একাধিক প্রধান নগর কেন্দ্র, যা পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তুলেছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের এই আক্রমণকে “পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার লঙ্ঘন” হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “ভারতের এই হামলা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।”

তিনি আরও বলেন, “পাকিস্তানের জনগণ ভারতের এই বিনা উসকানির আগ্রাসনে ক্ষুব্ধ। আমাদের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।” এ সময় তিনি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আলোকে আত্মরক্ষার অধিকার বজায় রাখার বিষয়টিও জোর দিয়ে বলেন।

ফোনালাপে প্রধানমন্ত্রী শেহবাজ দক্ষিণ এশিয়ায় বর্তমান উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের প্রশংসা করেন। জবাবে মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি পাকিস্তান ও ভারতের প্রতি উত্তেজনা হ্রাসে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনার শেষে উভয় পক্ষ যোগাযোগ রক্ষা করে চলার বিষয়ে সম্মত হন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net