শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

ভারতে ৬টি বাংলাদেশি টিভি চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ইউটিউব ভারত থেকে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে। এগুলো হলো—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, মোহনা টিভি, সময় টিভি ও ডিবিসি নিউজ। চ্যানেলগুলো ইউটিউবের ভেরিফায়েড (স্বীকৃত) চ্যানেল এবং এসবের মোট সাবস্ক্রাইবার ৫ কোটি ৪২ লাখের বেশি।

ভারতের ভূ-অবস্থান থেকে এসব চ্যানেলে প্রবেশ করতে গেলে লেখা আসছে: ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা–সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

ব্যাখ্যা চাইবে বাংলাদেশ সরকার

প্রযুক্তি উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, বাংলাদেশ সরকার বিটিআরসির মাধ্যমে ইউটিউব কর্তৃপক্ষকে ব্যাখ্যা চাইবে। তিনি বলেন, সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।

ফয়েজ আহমদ তাঁর ফেসবুক পোস্টে বলেন, “ভারতে বসবাসরত বাংলাদেশিদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। এটি আন্তর্জাতিক ভোক্তা-অধিকার নীতির পরিপন্থী।”

পাল্টা ব্যবস্থার ইঙ্গিত

ফয়েজ আহমদ বলেন, এসব চ্যানেল বৈধভাবে সম্প্রচার করে আসছে এবং কোনো ভুয়া তথ্য বা উসকানিমূলক কনটেন্ট প্রচার করছে না। তাই ইউটিউব যদি যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তাহলে এটি ভারতের রাজনৈতিক পদক্ষেপ বলেই ধরে নেওয়া হবে এবং বাংলাদেশও অনুরূপ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, “রিপাবলিক বাংলা সহ ভারতের কয়েকটি গণমাধ্যম নিয়মিত বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার চালায়। প্রয়োজনে এসব চ্যানেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net