ডেস্ক রিপোর্ট ।।
শেষ পর্যন্ত ম্যাচটি যেন হয়ে উঠেছিল বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের একক নাটকীয়তা। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ এখন ১-১ সমতায়। ৩৯ রান খরচায় ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফাইফার তুলে নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক হয়েছেন তানভীর ইসলাম।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। আগের ম্যাচে ফিফটি করা তানজীদ হাসান তামিম প্রথমেই ফিরে যান। এরপর পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ৬৩ রানের জুটি। শান্ত ১৯ বলে ১৪ রান করে ফিরলেও ইমন ৬৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। একপ্রান্তে দাঁড়িয়ে তাওহিদ হৃদয়ও তুলে নেন নিজের ফিফটি। রানআউটে কাটা পড়ার আগে করেন ৫১ রান। শেষে তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান শেষ উইকেটে যোগ করেন ৩০ রান। সবমিলিয়ে ৪৫.৫ ওভারে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। লঙ্কানদের হয়ে ৪ উইকেট নেন আশিথা ফার্নান্দো, ৩টি উইকেট হাসারাঙ্গার।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ঝড়ো সূচনা করে। শুরুতেই নিশাঙ্কা আউট হলেও তিনে নামা কুশল মেন্ডিস মাত্র ১৯ বলে ফিফটি পূর্ণ করেন। পরে তিনি ৩১ বলে ৫৬ রান করে ফেরেন তানভীর ইসলামের শিকারে পরিণত হয়ে। এরপর থেকে লঙ্কান ইনিংসে ধস নামে। একে একে কামিন্দু মেন্ডিস, আসালাঙ্কা, দুনিথ ভেল্লালেগে, থিকশানারা ফিরে গেলে ম্যাচের লাগাম হাতে নেয় বাংলাদেশ।
তানভীরের ঘূর্ণিতে বারবার বিপর্যস্ত হয়েছে স্বাগতিকরা। তাকে যোগ্য সঙ্গ দেন শামীম হোসেন ও মেহেদী হাসান মিরাজ। শেষদিকে লিয়ানাগে একাই লড়াই চালিয়ে যান। ৮৫ বলে করেন ৭৮ রান। তবে তাতেও হার এড়ানো যায়নি। ৪৮.৫ ওভারে ২৩২ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস।
বাংলাদেশের হয়ে তানভীর ইসলাম ৬ উইকেট তুলে নিয়ে হন ম্যাচ সেরা। তানজিম সাকিব ২টি এবং মুস্তাফিজ, মিরাজ ও শামীম নেন ১টি করে উইকেট।
সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে টাইগাররা। এখন সিরিজ নির্ধারিত হবে তৃতীয় ও শেষ ম্যাচে।
