বুধবার, এপ্রিল ২২, ২০২৬

নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষের নির্দেশ প্রধান উপদেষ্টার

by ঢাকাবার্তা
মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার ।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী ব্যবস্থাপনার প্রস্তুতি নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) রাত আটটায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা ও অন্যান্য প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন সামনে রেখে প্রায় ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে। এই সদস্যদের নিয়োগ ও প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ডিসি, এসপি, ওসি এবং ইউএনওদের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রদবদলের প্রক্রিয়া হবে ‘র‌্যান্ডম’ পদ্ধতিতে।

প্রেস সচিব বলেন, “নির্বাচনের আগে ও পরে যেন কোনো ধরনের সহিংসতা না হয় এবং জননিরাপত্তা নিশ্চিত থাকে, সেজন্য ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তাদের সকলকে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।”

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মুহাম্মাদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, ভোটের সম্ভাব্য সময় হিসেবে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধের কথা বলেছেন। তবে সংস্কারকাজ সম্পন্ন হলে রমজানের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অপূর্ব জাহাঙ্গীর এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net