রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

হাজার কোটি টাকায় প্রধান কার্যালয় ভবন কিনছে ডাচ্‌–বাংলা ব্যাংক

by ঢাকাবার্তা
ডাচ্‌–বাংলা ব্যাংক লোগো

স্টাফ রিপোর্টার ।। 

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ডাচ্‌–বাংলা ব্যাংক পিএলসি রাজধানীর মতিঝিলে করপোরেট প্রধান কার্যালয়ের জন্য একটি বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২১ দশমিক ৫ তলা বিশিষ্ট ওই ভবনটির জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৬ কোটি ২১ লাখ টাকা।

ব্যাংকটি বুধবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই তথ্য জানায়। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। নিয়ম অনুযায়ী এ ধরনের বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললেই ভবনটি হবে ডাচ্‌–বাংলা ব্যাংকের করপোরেট হেড অফিস।

ডিএসইতে দেওয়া তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ভবনটি রাজধানীর ৪৭, মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত। এর মোট আয়তন ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট; এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৩০০ বর্গফুট মেঝে এবং ৩১ হাজার ৪০ বর্গফুট বেজমেন্ট। বর্তমানে ভবনটিতে ভাড়ায় চলছে ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম। এবার দীর্ঘদিনের ভাড়াভিত্তিক কার্যক্রমের অবসান ঘটিয়ে স্থায়ীভাবে ভবনটি অধিগ্রহণের পথে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ঢাকার শেয়ারবাজারে বুধবার ডাচ্‌–বাংলা ব্যাংকের প্রতিটি শেয়ারের দর ছিল ৪১ টাকা ৫০ পয়সা। এদিন শেয়ারদর সামান্য কমে প্রায় ১ শতাংশ হ্রাস পায়। গত বছর ব্যাংকটির মুনাফা দাঁড়ায় ৪৭৩ কোটি টাকা, যা ২০২৩ সালের ৮০২ কোটি টাকার চেয়ে ৩২৯ কোটি টাকা কম। অর্থাৎ, মুনাফা এক বছরে প্রায় ৪১ শতাংশ হ্রাস পেয়েছে। তবে শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে ভাড়া, কর, বিমা ও বিদ্যুৎ বিল বাবদ খরচ হয়েছে প্রায় ২৪৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৯ কোটি টাকা বেশি। এর বড় অংশ গিয়েছে প্রধান কার্যালয়সহ দেশজুড়ে বিভিন্ন শাখা ও উপশাখার ভাড়ার পেছনে। এ কারণে নতুন ভবন কেনার সিদ্ধান্তকে ব্যাংকের দীর্ঘমেয়াদি খরচ সাশ্রয়ের কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

২০২৪ সালের শেষে ডাচ্‌–বাংলা ব্যাংকের আমানত বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১৮৭ কোটি টাকা। ২০২৩ সালে যা ছিল ৪৭ হাজার ২৫৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে প্রায় ৪ হাজার ৯২৮ কোটি টাকা। একই সময়ে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৬৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৬৬২ কোটি টাকা বেশি।

ডাচ্‌–বাংলা ব্যাংক ১৯৯৬ সালে বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালে এটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। বর্তমানে দেশে ব্যাংকটির ২৪১টি শাখা রয়েছে। এছাড়া ৭ হাজার ৭৬০টিরও বেশি এটিএম বুথ, ৫ হাজার ৯৫৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ১ হাজার ৪২৯টি ফার্স্ট ট্র্যাক বুথ পরিচালিত হচ্ছে—যা দেশের সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক।

২০১১ সালে ব্যাংকটি “ডাচ্‌–বাংলা মোবাইল ব্যাংক” চালু করে, যা পরে “রকেট” নামে পরিচিত হয়। বর্তমানে রকেটের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪০ লাখ। পাশাপাশি, ব্যাংকটি প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০২ কোটি টাকার বেশি মেধাবৃত্তি প্রদান করে থাকে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net