স্টাফ রিপোর্টার ।।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন চারজন রাজনীতিবিদ—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে এই চারজন রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা এবং ২ অক্টোবর দেশে ফিরবেন।
২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন অধ্যাপক ইউনূস। তাঁর বক্তব্যে বিগত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আগামী নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় তুলে ধরা হবে বলে জানান তৌহিদ হোসেন।
এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। কারণ, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে এ ধরনের সভা এবারই প্রথম। এই সভা থেকে যেন সংকটের দ্রুত সমাধানের কার্যকর পরিকল্পনা উঠে আসে, সে লক্ষ্যে গত মাসে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
