ডেস্ক রিপোর্ট ।।
ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি। শনিবার সন্ধ্যায় কারুর জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ ও ৬ শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ান।
কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ জনসভায় লাখো মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে বিপুলসংখ্যক লোক মঞ্চের দিকে এগোতে গেলে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় অনেকে অচেতন হয়ে পড়েন এবং শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামলানোর আগেই বহু মানুষ পদদলিত হন।
পুলিশের একাধিক সূত্র বলছে, সমাবেশে অনুমতির দ্বিগুণেরও বেশি লোক সমাগম হয়েছিল। যেখানে ৩০ হাজার মানুষের অনুমতি ছিল, সেখানে দ্বিগুণেরও বেশি মানুষ উপস্থিত হন। অতিরিক্ত ভিড়ের কারণে প্রবেশপথ ও মঞ্চের চারপাশে তীব্র চাপ তৈরি হয়। পর্যাপ্ত ফাঁকা জায়গার অভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
হতাহতদের অনেককে কারুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদের ইরোড ও তিরুচিরাপল্লি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। যানজটের কারণে অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হয়, পরে স্বেচ্ছাসেবকেরা মানববন্ধনের মতো করে আহতদের নেওয়ার পথ তৈরি করেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, তামিলনাড়ুর করুরে রাজনৈতিক সমাবেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
