স্টাফ রিপোর্টার ।।
বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিছিল শাহবাগে ছত্রভঙ্গ করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে সংঘটিত ঘটনায় পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারে অন্তত কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।
সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। বিকেলে তাঁরা মিছিল নিয়ে শাহবাগে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ রোধ করে। শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাঁদের ওপর চড়াও হয়।
শিক্ষকদের অভিযোগ, কোনো উসকানি ছাড়াই পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। তবে পুলিশের দাবি, শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষকদের তিন দফা দাবি হলো—সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।
শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন, দুজনকে পুলিশ আটক করেছে।”
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “শিক্ষকেরা যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। তাঁরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে।”
আটকের বিষয়ে তিনি জানান, কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষকদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে শামছুদ্দীন মাসুদ জানান, “আমরা এখন শহীদ মিনারে অবস্থান করছি। এখান থেকেই আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকেরাও দাবি আদায়ে রাজধানীতে বিক্ষোভ করেছিলেন। সেই আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটার ঘটনা ব্যাপক সমালোচনা কুড়িয়েছিল।
