স্টাফ রিপোর্টার ।।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (সোমবার) দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে দিবসটি সরকারি ছুটির তালিকায় ‘ক’ শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তাই ৫ আগস্ট দেশের সব ব্যাংকে লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন অনলাইন লেনদেন, এটিএম এবং সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুযোগ চালু থাকবে। ফলে সীমিত আকারে হলেও অনলাইন ব্যাংকিং সুবিধা মিলবে।
এর আগে চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ দিনটিকে সাধারণ ছুটি হিসেবে নির্ধারণ করে। দিনটি উপলক্ষে সরকার মাসব্যাপী অনুষ্ঠানমালা হাতে নিয়েছে, যার শিরোনাম ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’। এই অনুষ্ঠান শুরু হয়েছে ১ জুলাই, চলবে ৫ আগস্ট পর্যন্ত।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তিন দিন পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই ঐতিহাসিক অভ্যুত্থানকেই ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নামে স্মরণ করা হয়।
