রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

দেশে মনমতো কাজ না পাওয়া ব্যক্তির সংখ্যা প্রায় ১ কোটি

দেশে মোট বেকারের মধ্যে সাড়ে ১৩ শতাংশ স্নাতক ডিগ্রিধারী, আর ৭ দশমিক ১৩ শতাংশ উচ্চমাধ্যমিক পাস করেছেন।

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

সবচেয়ে বেশি বেকার ঢাকায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় বেকারের সংখ্যা ৬ লাখ ৮৭ হাজার। এরপর চট্টগ্রামে ৫ লাখ ৮৪ হাজার এবং রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার বেকার রয়েছে। খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে ১ লাখ ৩৯ হাজার এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪ হাজার মানুষ কাজহীন।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সংজ্ঞা অনুযায়ী, কেউ সপ্তাহে এক ঘণ্টা কাজ করে মজুরি পেলে তাঁকে বেকার ধরা হয় না। আর এক মাস ধরে কাজপ্রত্যাশী হলেও যদি সর্বশেষ এক সপ্তাহে এক ঘণ্টাও মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ না পান, তখনই তিনি বেকার হিসেবে বিবেচিত হন। এ মানদণ্ডে বাংলাদেশের বেকার সংখ্যা দাঁড়ায় ২৬ লাখ ২৪ হাজার। তবে বাস্তবে সপ্তাহে এক ঘণ্টা কাজ জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট নয়। তাই মনমতো কাজ না পাওয়া এমন মানুষকে ছদ্ম বেকার হিসেবে ধরা হয়, যাঁদের সংখ্যা প্রায় এক কোটি।

জরিপ বলছে, দেশে মোট বেকারের মধ্যে সাড়ে ১৩ শতাংশ স্নাতক ডিগ্রিধারী। আর ৭ দশমিক ১৩ শতাংশ উচ্চমাধ্যমিক পাস করেছেন। অর্থাৎ প্রতি ৫ জন বেকারের একজন স্নাতক বা উচ্চমাধ্যমিক পাস করা। অন্যদিকে যাঁদের আনুষ্ঠানিক শিক্ষা নেই, তাঁদের মধ্যে বেকারের হার সবচেয়ে কম—মাত্র সোয়া ১ শতাংশ।

১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্ব ভয়াবহ। এ বয়সী তরুণদের মধ্যে বেকারসংখ্যা প্রায় ২০ লাখ, যা দেশের মোট বেকারের ৭৬ শতাংশ। এর মধ্যে প্রায় ২৯ শতাংশ তরুণ স্নাতক ডিগ্রিধারী। অর্থাৎ তিনজন স্নাতক তরুণের একজন বেকার।

চাকরি পাওয়ার জন্য আত্মীয়-স্বজন ও বন্ধুদের দ্বারস্থ হয়েছেন প্রায় ৩৬ শতাংশ চাকরিপ্রত্যাশী। সংবাদপত্রের বিজ্ঞাপন দেখে চাকরি খুঁজেছেন ২৬ শতাংশ, আর সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চেষ্টা করেছেন প্রায় ১২ শতাংশ।

বিবিএস প্রতিবেদনে বলা হয়, বেকারত্ব সাধারণত তিন ধরনের—

  • সামঞ্জস্যহীনতাজনিত বেকারত্ব: শ্রমবাজারে চাহিদা অনুযায়ী লোক না থাকলে। যেমন উত্তরবঙ্গ ও হাওর অঞ্চলে।
  • বাণিজ্য চক্রজনিত বেকারত্ব: অর্থনীতিতে মন্দা বা চাঙাভাবের কারণে, যেমন কোভিডের সময় বেকার বেড়েছিল।
  • কাঠামোগত বেকারত্ব: প্রযুক্তির পরিবর্তন বা শিল্পের ধরন বদলে যাওয়ার কারণে তৈরি হওয়া বেকারত্ব।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net