ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ) পরিদর্শন করেছেন। বুধবার (৮ জানুয়ারি) তিনি এনডিইউতে গিয়ে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল বাবর ইফতিখারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। খবর, পাকিস্তান আইএসপিআরের।
এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এনডিইউর একজন প্রাক্তন শিক্ষার্থী। তিনি ২০১০–১১ শিক্ষাবর্ষে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়ার কোর্স সম্পন্ন করেন।
বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পেশাগত সামরিক শিক্ষা ও যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
এই সফরের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের গভীরতা আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার যৌথ প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।
