স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশে নতুন ব্যবসা শুরু করতে এখন আর আলাদা আলাদা দপ্তরে ছুটতে হয় না। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান–স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে এখন মাত্র একটি আবেদনে ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় পাঁচটি নিবন্ধন মিলছে।
এই ডিজিটাল ব্যবস্থায় যে পাঁচটি সেবা পাওয়া যাচ্ছে:
১. নামের ছাড়পত্র (Name Clearance)
২. করপোরেট ব্যাংক হিসাব খোলা (Bank Account Opening)
৩. কোম্পানি রেজিস্ট্রেশন (Company Registration)
৪. করপোরেট টিআইএন (Corporate e-TIN)
৫. ট্রেড লাইসেন্স (Trade License)
কীভাবে আবেদন করবেন? ধাপে ধাপে গাইড
১. ওএসএস পোর্টালে নিবন্ধন
- বিডার ওয়ান–স্টপ সার্ভিস পোর্টালে (OSS) গিয়ে সাইন আপ করুন
- প্রাথমিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন
- লগইন করে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন
২. কোম্পানির বেসিক তথ্য সাবমিট
- কোম্পানির নাম, ধরন, ঠিকানা, ব্যবসার খাত, মূল পণ্য/সেবা ইত্যাদি তথ্য দিন
- ফর্মটি বিডা কর্তৃপক্ষ এক ঘণ্টার মধ্যে অনুমোদন করবে
৩. ‘মাল্টিপল লাইসেন্স’ মেনুতে গিয়ে একসঙ্গে আবেদন করুন
- নামের ছাড়পত্র থেকে শুরু করে টিআইএন ও ট্রেড লাইসেন্স—সবকিছুর জন্য ধাপে ধাপে ফর্ম পূরণ হবে
- প্রতিটি ফর্মে পূর্বে দেওয়া তথ্য অটো-ফিল হয়ে আসবে
নিবন্ধনের প্রতিটি ধাপ এক নজরে
নামের ছাড়পত্র
আরজেএসসি’র সঙ্গে সংযুক্ত হয়ে কোম্পানির নাম যাচাই করা যাবে। নাম অব্যবহৃত হলে সিস্টেম থেকেই ছাড়পত্রের আবেদন জমা দেওয়া যাবে।
ব্যাংক হিসাব খোলা
নাম অনুমোদনের পর ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফর্ম আসবে। শুধু ব্যাংক নির্বাচন করে কনফার্ম করলেই যথেষ্ট।
কোম্পানি রেজিস্ট্রেশন
ব্যাংক হিসাব খোলার পর আরজেএসসি’র রেজিস্ট্রেশনের জন্য ফর্ম পূরণ করতে হবে। পরিচালকের সংখ্যা, শেয়ার কাঠামো, মেয়াদ ইত্যাদি তথ্য দিতে হবে।
করপোরেট টিআইএন (ই-টিআইএন)
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে করপোরেট টিআইএনের ফর্ম আসবে। স্বয়ংক্রিয়ভাবে সব ঘর পূর্ণ থাকবে—শুধু কনফার্ম করলেই হবে।
ট্রেড লাইসেন্স
সবশেষে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী ট্রেড লাইসেন্সের আবেদন জমা দিন।
সব তথ্য এক জায়গায়, সব অগ্রগতি নজরে
- ইউজার ড্যাশবোর্ডে প্রতিটি আবেদনের সর্বশেষ অবস্থা দেখা যাবে
- প্রত্যেক ধাপের অনুমোদন ও লাইসেন্স পাওয়া যাবে পিডিএফ আকারে
- নোটিফিকেশন যাবে ই–মেইলে
- চাইলে পৃথকভাবে, আবার চাইলে একসঙ্গে সব আবেদন করা যাবে
যদি কোনো তথ্য ভুল বা ভুয়া হয়, বিডা আবেদন বাতিল করতে পারে। তবে সব তথ্য সঠিক থাকলে আপনি ঘরে বসেই ব্যবসার সকল নিবন্ধন পেয়ে যাবেন।
নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এক প্ল্যাটফর্মে সব সেবা থাকায় সময়, শ্রম ও খরচ—তিনই সাশ্রয় হচ্ছে।