ঢাবি প্রতিনিধি ।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। ভিপি, জিএস ও এজিএসসহ ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতেই জয়ী হয়েছেন তারা। দীর্ঘ সাড়ে ১৫ বছরের পর শিবির আবারও প্রকাশ্যে ক্যাম্পাসে সক্রিয় হয়ে এই নির্বাচনে অংশ নিয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করল।
ভিপি পদে নির্বাচিত হয়েছেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম। তিনি ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে বড় ব্যবধানে পরাজিত করেন। জিএস পদে বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে জয়ী হয়েছেন মুহা. মহিউদ্দিন খান। এ ছাড়া মানবাধিকার ও আইন, স্বাস্থ্য ও পরিবেশ, ক্যারিয়ার ডেভেলপমেন্টসহ বিভিন্ন সম্পাদকীয় পদেও শিবির-সমর্থিত প্রার্থীরা জয় পান। কিছু পদে স্বতন্ত্র প্রার্থীরাও বিজয়ী হয়েছেন।
ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে হলেও ফল ঘোষণার পর ছাত্রদল ও কয়েকটি স্বতন্ত্র প্যানেল কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এটিকে “পরিকল্পিত প্রহসন” বলে অভিহিত করেন, আর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “বয়কট! বয়কট!”
নির্বাচন শেষে প্রতিক্রিয়ায় ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশাকে তারা নিজেদের প্রত্যাশা মনে করেন। তিনি জানান, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব।’ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচনী প্রতিযোগীরা ভবিষ্যতে তাঁদের উপদেষ্টা হিসেবে পাশে থাকবেন।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, এই ডাকসু নির্বাচন বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর জন্য নতুন একটি মডেল হয়ে উঠতে পারে।
