শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

অন্য রাজনৈতিক দল দিয়ে আলোচনার আহ্বানকে প্রশ্নবিদ্ধ বলছে দলটি

by ঢাকাবার্তা
সালাহউদ্দিন আহমদ

 

স্টাফ রিপোর্টার ।।

প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি। তবে অন্য কোনো রাজনৈতিক দলকে দিয়ে কেন তাদের আলোচনায় আহ্বান জানানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।

শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদের আহ্বান জানান, আমরা আলোচনায় যাব। কিন্তু অন্য একটি রাজনৈতিক দলকে দিয়ে আহ্বান জানানো হচ্ছে কেন?”

  • অন্তর্বর্তী সরকারের শক্তি প্রদর্শনে আপত্তি বিএনপির
  • জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক মতভেদ বাড়ছে
  • গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতের অবস্থান ভিন্ন
  • ১৩ নভেম্বরের আওয়ামী লীগ ঘোষিত লকডাউন নিয়ে কটাক্ষ সালাহউদ্দিনের

জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদ নিরসনে সরকার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগের দিন এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার সীমা অতিক্রম করছে। তাঁর ভাষায়, “আপনারা কোনো নির্বাচিত সরকার নন। এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না।”

বিএনপি নেতার দাবি, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে জুলাই সনদের মূল রূপরেখায় পরিবর্তন আনা হয়েছে। গণভোট নিয়েও মতভেদ রয়েছে বিএনপি ও জামায়াতের মধ্যে—বিএনপি চায় সংসদ নির্বাচনের দিন গণভোট, আর জামায়াত চায় আগে গণভোট করে সনদকে আইনি ভিত্তি দেওয়া হোক।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের এভাবে সময় বেঁধে দেওয়ার এখতিয়ার নেই। “আপনারা যদি মনে করেন অন্য দল দিয়ে আহ্বান জানিয়ে আমাদের আলোচনায় আনবেন, সেটা সঠিক নয়।”

জামায়াতে ইসলামীর উদ্দেশে সালাহউদ্দিন বলেন, “যারা একসময় উল্টো পথে হেঁটেছিলেন, তারা আবার আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চাইলে পরিণতি ভালো হবে না।”

গণভোটের প্রয়োজন নেই উল্লেখ করে বিএনপি নেতা বলেন, “নির্বাচনের দিন ছাড়া গণভোটের বিকল্প নেই। এর মাধ্যমে সংবিধানিক পরিবর্তনের নৈতিক ভিত্তি তৈরি হবে।”

১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, “সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হবে। এখন তারা লকডাউনের আহ্বান দিচ্ছেন। যদি সাহস থাকে, আসুন রাজপথে।”

সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “দেশে ষড়যন্ত্র চলছে, ভারত অস্থিতিশীল বাংলাদেশ চায়। যারা সে সুযোগ তৈরি করছে, তাদের ক্ষমা করা হবে না।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net