স্টাফ রিপোর্টার ।।
বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার।
প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি জিয়া পরিবার ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। চিকিৎসক দল তাকে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করে জানায়, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শে চিকিৎসা চলছে।
সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান তিনি।
হাসপাতাল পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
