ঢাবি প্রতিনিধি ।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোট পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান। বিস্ময়ের বিষয় হলো, এই একমাত্র ভোটটি তিনি নিজে দেননি। নিজের ভোট অন্য এক প্রার্থীকে দেওয়ার পর তিনি জানতে পারেন, কোনো এক নারী ভোটার তাঁকে ভোট দিয়েছেন। সেই রহস্যময় ভোটারকে খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন রাকিবুল। তিনি জানিয়েছেন, খুঁজে পেলে সেই নারী ভোটারকেই বিয়ে করতে চান।
রাকিবুল হাসান বলেন, তাঁর দীর্ঘদিনের ইচ্ছে ছিল ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার। নির্বাচনে জয় বা পরাজয় নয়, বরং প্রার্থী হওয়ার মাধ্যমে সবার কাছে পরিচিত হওয়াটাই তাঁর উদ্দেশ্য ছিল। নিজের ভোটটি যাতে বিফলে না যায়, সে কারণে তিনি পছন্দের আরেক প্রার্থীকে ভোট দিয়েছিলেন। ফলাফলে দেখা যায়, রোকেয়া হল থেকে পাওয়া এক ভোটেই তিনি টিকে আছেন আলোচনায়।
রাকিবুল একা নন, ভিপি পদে আরও দুজন প্রার্থী মাত্র একটি ভোট পেয়েছেন। তাঁদের একজন রাকিবুলের বন্ধু সুজন হোসেন, যিনি ইসলামিক স্টাডিজ বিভাগেরই শিক্ষার্থী। তিনি জানান, মজার ছলেই প্রার্থী হয়েছিলেন এবং কারও কাছে ভোট চাননি। নিজের ভোটও নিজেকে দেননি। তবুও এক ভোট পেয়ে তিনি নিজেও খুঁজছেন কে তাঁকে সমর্থন করেছেন। তৃতীয়জন রাসেল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র। তাঁর ভাগ্যেও জুটেছে মাত্র একটি ভোট।

ডাকসুর ভিপি পদে জয়ী শিবিরের সাদিক কায়েম
এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৩ জন ১০ ভোটেরও কম পেয়েছেন। বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম, যিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৭০৮ ভোট পেয়ে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান হয়েছেন রানারআপ।
ভিপি পদে ২ ভোট পাওয়া প্রার্থীর সংখ্যা ছিল ৩ জন এবং ৩ ভোট পেয়েছেন আরও ৩ জন, তাঁদের মধ্যে ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মুদাব্বীর রহমান সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী হিসেবে আলোচনায় আসেন। আর ৭ ভোট পেয়ে আলোচনায় আসেন আরেক প্রার্থী রাসেল মাহমুদ।
এবার ডাকসুর নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে ৩০০ টাকা জমা দিতে হয়েছে। বিভিন্ন বিভাগ থেকে স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ থাকলেও ভোটের হিসাবে বেশির ভাগই খুব অল্প সমর্থন পেয়েছেন।
রাকিবুল হাসানের ঘোষণাটি ডাকসুর নির্বাচনের আনুষ্ঠানিকতার বাইরে নতুন মাত্রা এনে দিয়েছে। তিনি বলেন, ‘‘যিনি আমাকে ভোট দিয়েছেন, তাঁর সঙ্গে পরিচিত হতে চাই। খুঁজে পেলে তাঁকেই বিয়ে করব।’’
এভাবে ভিপি প্রার্থী রাকিবুল হাসান এক ভোটেই হয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দু, আর তাঁর রহস্যময় নারী সমর্থককে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন রকম কৌতূহল।
