রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

উত্তরাঞ্চল ও নদীসংলগ্ন নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা: বন্যা সতর্কীকরণ কেন্দ্র

আগামী দুদিন দেশের ভেতরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে নদ-নদীর পানি আরও বাড়তে পারে এবং উজান থেকেও পানি নামতে পারে।

by ঢাকাবার্তা
ত্রাণ নিয়ে ঘরে ফিরছে এক শিশু

স্টাফ রিপোর্টার ।।

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী তিন দিনে বেশ কয়েকটি নদীর পানি সতর্ক ও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদে পানি বাড়তে পারে। এর মধ্যে তিস্তা ও দুধকুমারের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদীর পানি সতর্কসীমার কাছাকাছি থাকতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগে হালদা, সাঙ্গু, মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে ফেনী ও চট্টগ্রামের কিছু নিম্নাঞ্চলও ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, আগামী দুদিন দেশের ভেতরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে নদ-নদীর পানি আরও বাড়তে পারে এবং উজান থেকেও পানি নামতে পারে। তবে এই পানি দ্রুতই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net