স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জুনিয়র আইনজীবী শিশির মনির এ তথ্য নিশ্চিত করেন।
দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান শেষে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর দেশে ফেরেন ব্যারিস্টার রাজ্জাক। এরপর তিনি সুপ্রিম কোর্টে পুনরায় আইন পেশায় সক্রিয় হন। গুরুতর অসুস্থ হয়ে ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজে তিনি জামায়াত নেতাদের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর ১৭ ডিসেম্বর তিনি ইংল্যান্ডে চলে যান। সেখান থেকেই ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করেন।
পরবর্তীতে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’র প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত হন তিনি। তবে ২০২৪ সালের ১৭ আগস্ট তিনি ওই পদ থেকেও পদত্যাগ করেন। ১৯৮৬ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং পরবর্তীতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জনের পর ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার হন। ১৯৮৫ সাল পর্যন্ত লন্ডনে আইন পেশায় যুক্ত ছিলেন। দেশে ফিরে ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে এবং পরে হাইকোর্ট (১৯৮৮) ও আপিল বিভাগে (১৯৯৪) অন্তর্ভুক্ত হন। ১৯৯০ সালে তিনি ‘দ্য ল’ কাউন্সেল’ নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার দুই ছেলে ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।
