স্টাফ রিপোর্টার ।।
রোহিঙ্গাদের জন্য রাখাইনে মানবিক করিডর চালু ও চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবহারে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এসব বিতর্কের মাঝে তাঁর নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির এক শীর্ষ নেতা। তবে এবার সরাসরি জবাব দিয়েছেন খলিলুর রহমান।
শনিবার (১৭ মে) খুলনার সার্কিট হাউস মাঠে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনি (ড. ইউনূস) একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। আমাদের দেশের সেনাবাহিনী কীভাবে একজন বিদেশি নাগরিকের কাছে তাদের রিপোর্ট পেশ করবে? তিনি তো বাংলাদেশের জন্য নয়, তাঁর দেশের জন্য কাজ করবেন। মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পাঁয়তারা চলছে।’
তিনি আরও বলেন, ‘ড. ইউনূসকে বলবো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অবিলম্বে বিদায় করুন। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না।’
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় রোববার এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, ‘আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার অধিকার পূর্ণ মাত্রায় প্রয়োগ করতে প্রস্তুত।’
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যে অভিযোগ তাঁর বিরুদ্ধে এসেছে, সেটি প্রমাণের দায় অভিযোগকারীর। প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
