বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

নাহিদ-আখতারদের রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’

by ঢাকাবার্তা
আখতার হোসেন ও নাহিদ ইসলাম। কোলাজ, গালা

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।

তরুণদের এই রাজনৈতিক দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই নতুন দলের নাম ও নেতৃত্ব চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত চারজন দায়িত্বশীল নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

শহীদ মিনার থেকেই এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম

শহীদ মিনার থেকেই এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম

বৈঠক সূত্র জানায়, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদের জন্য একাধিক প্রার্থী থাকায় এখনো এই পদ চূড়ান্ত হয়নি। সম্ভাব্যদের মধ্যে রয়েছেন তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা, মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম।

আগামীকাল শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীত নেতাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net